
মুন্সীগঞ্জের গজারিয়ায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) বা ওষুধ শিল্প পার্কে একটি ভবনের বাহিরে অংশে রং করার সময় প্রায় ৯০ফুট উপর থেকে রশি ছিড়ে নিচে পড়ে ২ রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতরা হলো মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মোঃ শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) বা ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেডে প্লটের ভেতর ৫ম তলা বিশিষ্ট ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রংয়ের কাজ করছিলেন তিনজন রংমিস্ত্রি। এদের মধ্যে দুইজন রশিতে ঝুলে রং করছিলেন অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। সকাল ৯টার দিকে রশি ছিড়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে দুই রং মিস্ত্রির মৃত্যু হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, সকাল নয়টার দিকে আমাদের হাসপাতালে দুজন লোককে নিয়ে আসলে আমরা তাদের মৃত ঘোষণা করি। তাদের অবস্থা দেখে মনে হয়েছে তারা দুজনেই রংয়ের কাজ করেন এবং কাজ করা অবস্থায় উপর থেকে নিচে পড়ে মারা গেছেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে রং করা অবস্থায় রশি ছিড়ে নিচে পড়ে তারা মারা গেছে।

