
চলতি বছর প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন)
গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ৩৬টি মামলা করা হয়েছে। যার মধ্যে ১৩টিই ডিজিটাল নিরাপত্তা
আইনে। এসব মামলায় আসামি করা হয়েছে ৮০ জন গণমাধ্যমকর্মীকে।
এছাড়া একই সময়ে গণমাধ্যমকর্মীদের ওপর ১৬৪টি হামলার ঘটনায় ২৩৯ জন গণমাধ্যমকর্মী আহত ও একজন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (০২ জুলাই) রাতে গণমাধ্যমকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক গ্রুপ ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ও স্বেচ্ছাসেবীদের
থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের পেশাগত
দায়িত্ব পালনে বাধা দিতেই এসব হামলা চালানো হয়েছে। অন্যদিকে মামলার কারণ হিসেবে প্রকাশিত
সংবাদের ওপর ক্ষোভকে দায়ী করা হয়েছে। এসব ঘটনায় মামলা করেছেন রাজনৈতিক ও প্রভাবশালী
মহল।
এছাড়াও একই সময়ে বিভিন্নভাবে ৬৩টি ঘটনায় কমপক্ষে ৭৯জন গণমাধ্যমকর্মী হয়রানির শিকার হয়েছেন। এসব হয়রানির মধ্যে প্রাণনাশের হুমকিও রয়েছে।

