Logo
শিরোনাম

গর্ভপাতের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে মিছিল-সমাবেশ

প্রকাশিত:রবিবার ০৩ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
ওয়াশিংটন ডিসিতে গর্ভপাতের পক্ষে নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্ট ভবনের উদ্দেশে মিছিল করতে দেখা গেছে

গর্ভপাতের অধিকারের সমর্থনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সমাবেশে অংশগ্রহণকারীরা টেক্সাস অঙ্গরাজ্যের একটি নতুন আইনের বিরোধিতায় একাত্মতা জানান। টেক্সাসের ওই আইনে গর্ভপাতের অধিকার মারাত্মকভাবে সীমিত করা হয়েছে বলে জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।

গর্ভপাত সংক্রান্ত সাংবিধানিক অধিকার বাতিল করা হতে পারেএমন আশঙ্কা গর্ভপাতের অধিকারের সমর্থকদের।

আগামী কয়েক মাসে মার্কিন সুপ্রিম কোর্টে এমন একটি মামলার শুনানি হতে যাচ্ছে, যার ফলে বাতিল হয়ে যেতে পারে রো বনাম ওয়েড মামলার রায়। ১৯৭৩ সালের ওই রায়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধতা পেয়েছিল।

ওয়াশিংটন ডিসিতে গর্ভপাতের পক্ষে নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্ট ভবনের উদ্দেশে মিছিল করতে দেখা গেছে। এ সময় প্রায় দুই ডজন গর্ভপাতবিরোধী বিক্ষোভকারীর উপস্থিতিও দেখা যায়।

গর্ভপাতের অধিকারের সমর্থনে উইমেনস মার্চ সমাবেশের আয়োজন করে। এর আগে ২০১৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে যোগদানের একদিন পর উইমেনস মার্চ-এর বার্ষিক আয়োজনে লাখো মানুষ অংশ নিয়েছিল।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে গভর্নর ক্যাথি হোচুল স্থানীয় সময় গতকাল শনিবার দুটি সমাবেশে বক্তব্য দেন।

ক্যাথি হোচুল বলেন, গর্ভপাতের অধিকার নিয়ে লড়াই করতে করতে আমি অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। গর্ভপাতের বৈধতার আইন দেশে প্রচলিত একটি আইন। কেউ তা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না, আজ নয়, কোনোদিন নয়।


আরও খবর