
আগামী জুলাই থেকে
রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারায় হোল্ডিং ট্যাক্স বাড়ছে বলে জানিয়েছেন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার ডিএনসিসির
হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম অটোমেশনের আওতায় আনার উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন
তিনি।
মেয়র বলেন, ঢাকায়
এখন ২০০৮ সালের বাড়ি ভাড়ার হার অনুযায়ী প্রতি বর্গফুটের ভাড়া ১৮ টাকা হিসাব করে সেটির
ওপর হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। জুলাই থেকে বর্গফুট অনুযায়ী ভাড়া আরও ৩৩ শতাংশ
বেশি ধরা হবে।
তিনি আরও বলেন,
এই রেট অনেকদিন ধরে চলে আসছে। এখন অভিজাত এলাকার বাড়িভাড়া এত কম নয়। এজন্য আমরা তা
সমন্বয় করব। প্রতি বর্গফুট ১৮ টাকা থেকে ৩৩ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ধরা হবে। প্রতি বর্গফুট
২৪ টাকা হিসাব করে যা ভাড়া আসবে তার ওপর ১২ শতাংশ হবে হোল্ডিং ট্যাক্স।
মেয়র আতিক বলেন,
ট্যাক্স কালেক্টররা অসততা করেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেন। অটোমেশন কার্যক্রমের
ফলে কর আদায়ে ভোগান্তি ও দুর্নীতি নিয়ে নাগরিকদের অভিযোগ কমে আসবে বলে আশা করি।
বুধবার হোল্ডিং
ট্যাক্সের অটোমেশন কার্যক্রম উদ্বোধন করে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল আগের প্রস্তাবের
কথা আবার তুলে ধরেন।
তিনি বলেন, রাজধানীতে
হোল্ডিং ট্যাক্স, পানি, গ্যাস বিদ্যুৎসহ অন্যান্য সেবার জন্য অঞ্চলভিত্তিক মূল্য নির্ধারণ
করতে হবে। নাগরিক সেবা সহজ এবং হয়রানিমুক্ত করতে অটোমেশনের আওতায় আনা হবে।
স্থানীয় সরকারমন্ত্রী
বলেন, গুলশান-বনানী-বারিধারার মতো অভিজাত এলাকা এবং যাত্রাবাড়ীর পানি, বিদ্যুৎ, গ্যাসসহ
অন্যান্য ইউটিলিটিক্যাল সার্ভিসের চার্জ যদি সমান হয় তাহলে সবাই তো অভিজাত এলাকায় থাকতে
চাইবে। কেউ তো যাত্রাবাড়ী বা কম সুযোগ সুবিধা সম্বলিত এলাকায় থাকবে না। তাই জোনভিত্তিক
সার্ভিসের মূল্য নির্ধারণ করা এখন সময়ের দাবি।

