Logo
শিরোনাম

ই-অরেঞ্জ গ্রাহকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সড়ক অবরোধের চেষ্টাকালে ই-অরেঞ্জ গ্রাহকদের ধাওয়া দেয়ার পাশাপাশি লাঠিপেটা করছে পুলিশ।

অর্ডার করা পণ্য ডেলিভারি অথবা বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন গ্রাহকরা। এ সময় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে মৎস্যভবন গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। গ্রাহকদের দাবি, ধাওয়া ও লাঠিপেটা করে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

তার আগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ই-অরেঞ্জ গ্রাহকরা। সেখানে ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির ব্যানারে তারা মানববন্ধন করেন। এ সময় কমিটির আহ্বায়ক আফজাল হোসেন দাবি দাওয়া তুলে ধরেন।

মিছিলে তারা ক্রিকেটার মাশরাফির বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্সের বিরুদ্ধেও স্লোগান দেন ই-অরেঞ্জ গ্রাহকরা।

আন্দোলনকারীরা জানান, মিছিলে পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে।

এ বিষয়ে ই-অরেঞ্জ ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফজাল হোসেন বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। আমাদের ১০ জন এতে আহত হয়েছে। আটক করা হয়েছে কয়েকজনকে। আমরা নতুন করে কর্মসূচি দেবো। নিরীহ মানুষের ওপর পুলিশ কেন হামলা করবে, আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমরা আবারও শাহবাগে একত্রিত হবো।

নিউজ ট্যাগ: ই-অরেঞ্জ

আরও খবর