Logo
শিরোনাম

ইনামুল হককে নিয়ে একাত্তর ও একজন নাট্যকার

প্রকাশিত:বুধবার ১২ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ | ১০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিংবদন্তি অভিনেতা ও নাট্যকার ইনামুল হক প্রয়াত হন গত বছরের ১১ অক্টোবর। মঙ্গলবার চলে গেল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। ইনামুল হকের স্মরণে বুধবার (১২ অক্টোবর) আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান। মঞ্চস্থ হবে তাঁর লেখা তিনটি নাটকের কোলাজ একাত্তর ও একজন নাট্যকার। বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। ইনামুল হকের মেয়ে অভিনেত্রী হৃদি হকের নির্দেশনায় এ নাটকে অভিনয় করছেন ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা।

হৃদি হক জানান, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার লবিতে বাঁশির সুরে শুরু হবে ইনামুল হক স্মরণ অনুষ্ঠান। পরে আবৃত্তি ও গান পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যা ৬টায় ধৃতি নৃত্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে মূল মঞ্চে জ্বলবে আলো। এরপর শিল্পকলা একাডেমির নির্মাণে দেখানো হবে ইনামুল হককে নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র।

এ প্রতিবেদন লেখার সময় ইনামুল হক স্মরণ অনুষ্ঠান আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। নাট্যশালার মহড়া কক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন নুনা আফরোজ, আহসান হাবিব নাসিম, রওনক হাসানসহ অনেক অভিনয়শিল্পী। তাঁরা ছাড়াও একাত্তর ও একজন নাট্যকার নাটকে অভিনয় করবেন নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, সুবচন, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, নাট্যম, বটতলা, থিয়েটার আর্ট ইউনিট, উদীচী শিল্পীগোষ্ঠী ও ইনামুল হকের হাতে গড়া নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের শিল্পীরা।

আজাদ আবুল কালামের সঞ্চালনায় এ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, সারা যাকের, রতন সিদ্দিকী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন হৃদি হক।


আরও খবর