
রাশিয়ার আগ্রসনের
মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি ভুয়া ভিডিও ভাইরাল হয়েছিলো।
সেটি মুছে দিয়েছে ফেসবুক। ভিডিওতে ইউক্রেনের নাগরিকদের অস্ত্র সমর্পন করতে বলেছিলেন
কৃক্রিমভাবে বানানো জেলেনস্কি।
মেটার নিরাপত্তা
নীতিমালাবিষয়ক প্রধান ন্যাথানিয়েল গ্লেইশার টুইট করে জেলেনস্কির ‘ডিপফেইক’ ভিডিও মুছে দেওয়ার খবর জানিয়েছেন
বুধবার।
ইউক্রেনের সংবাদমাধ্যম
‘টিভি২৪ (TV24)’-এর ওয়েবসাইট হ্যাক করে ভিডিওটি প্রথম
প্রচার করা হয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ভিডিওটিতে পোডিয়ামের পেছনে
দাঁড়ানো বক্তার চেহারা এডিট করে বসানো হয়েছে জেলেনস্কির মুখ। ভিডিওতে নিজ দেশের যুদ্ধ
জয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে “ডনবাসকে রাশিয়ার
কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন” বলে ঘোষণা দেন ভুয়া জেলেনস্কি।
‘ডিপফেইক’ বলা
হলেও, মান বিচারে ভিডিওটিকে যাচ্ছেতাই বলে আখ্যা দিচ্ছেন সমালোচকরা। এডিট করে বসানো
হলেও বাস্তবের শারীরিক গঠনের তুলনায় ভুয়া জেলেনস্কির মাথা ও মুখায়বের আকার ছিল লক্ষ্যণীয়
হারে বড়। তার বাস্তব কণ্ঠের চাইতেও গভীর কণ্ঠে কথা বলছিলেন ভুয়া জেলেনস্কি।

