Logo
শিরোনাম

ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে

প্রকাশিত:বুধবার ১১ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস নিম্নকক্ষ। ৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে এটির অনুমোদন দিয়েছেন কংগ্রেস সদস্যরা। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাহায্য প্যাকেজ ইস্যুতে ভোটদানকারী ডেমোক্র্যাটদের সবাই এই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। রিপাবলিকান পার্টির প্রতি চার জনের মধ্যে তিন জনই এটিতে সমর্থন দিয়েছেন।

এর আগে গত মার্চে ইউক্রেনকে ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয় মার্কিন কংগ্রেস। নতুন সহায়তা প্যাকেজটি পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে মার্কিন সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৪ বিলিয়ন ডলার।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং পূর্বাঞ্চলীয় ডনবাসে রাশিয়ার বিজয়ে এই যুদ্ধ থামবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান আভরিল হেইনেস এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর প্রধান আভরিল হেইনেস সিনেটের এক শুনানিতে বলেছেন, আগামী কয়েক মাসে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বাড়তে পারে এবং তা আরও অনিশ্চয়তার দিকে অগ্রসর হতে পারে। চলমান প্রবণতা পুতিনকে আরও কঠোর পথে ধাবিত করছে।

তিনি জানান, রাশিয়া মলদোভার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ার সঙ্গে একটি স্থল করিডোর স্থাপন করতে চাইতে পারে। পরিস্থিতির আলোকে রাশিয়াতে এমনকি মার্শাল ল জারিরও ঘোষণা দিতে পারেন পুতিন।


আরও খবর