
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। কোনাশেনকভ বলেন, সোমবার খেরসন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে নিশ্চিত হতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল, তবে কোনো কর্মকর্তা এ বিষয়ে বিবিসিকে মন্তব্য করতে রাজি হননি।
এই সপ্তাহের শুরুর দিকের ভিডিওতে দেখা গেছে, খেরসন শহরের বাসিন্দারা রাশিয়ার দখলদারির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। সেখানে রুশ বাহিনী ফাঁকা গুলি চালিয়েছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, খেরসন নিপার নদীর মুখে অবস্থিত কৌশলগত একটি শহর। যেখান থেকে সহজে কৃষ্ণসাগরে বের হওয়া যায়।
২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর যেসব এলাকা রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলোর মধ্যে এ শহরের গুরুত্ব অনেক বেশি। এ শহরে বাস করেন তিন লাখের মতো মানুষ। এর নিয়ন্ত্রণ রাশিয়াকে অত্যধিক মাত্রায় সুবিধা দেবে।
মস্কো চাইলে এখানে সেনা সমাবেশ করতে পারে এবং এ শহরকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সেখান থেকে ইউক্রেনের আরও ভেতরে সেনা পাঠাতে পারে।

