
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তার আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি এডিট করা বলেও দাবি করেছেন।
শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না’– এমন একটি মন্তব্য ফেসবুকে ভাইরাল হলে নতুন বিতর্কের মুখে পড়েন শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
সোমবার বেলা ১২টার দিকে জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে মোবাইল ফোনে তিনি এ জন্য দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তিনি (শাবি উপাচার্য) বলেন, তার বক্তব্য সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলেই আহত হয়েছেন। তিনি এ বিষয়টি অনুধাবন করছেন।
তিনি আশা প্রকাশ করেছেন যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে ক্ষমা করে দেবেন।

