
বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি বলেছেন, আগামী জানুয়ারি থেকে শিল্প খাতে গ্যাস সংকট কেটে যাবে। বৃহস্পতিবার
(২৪ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো
বাংলাদেশ- ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী
বলেন, তৈরি পোশাকের মতো সিরামিকসহ যেসব খাতের পণ্য বিদেশে রপ্তানি করতে চায় তাদের সব
সুযোগ-সুবিধা দেওয়া হবে। বাংলাদেশের সম্ভাবনাময় খাত হলো সিরামিক শিল্প। চাহিদার ৮৫
ভাগ পূরণ হচ্ছে দেশে উৎপাদিত সিরামিক পণ্যে। এ ছাড়া বিশ্বের ৫০ দেশের এক বিলিয়ন ডলারের
সিরামিক পণ্য রপ্তানি করা হচ্ছে।
তিনি বলেন,
সরকার সিরামিক পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স
অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই
সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিসিএমইএ মহাসচিব ইরফান উদ্দিন প্রমুখ।

