
রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও ৩৫ মণ জাটকা জব্দ করেছেন।
শুক্রবার (১১ মার্চ) র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০-এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা বিক্রয় ও সংরক্ষণের অপরাধে যাত্রাবাড়ী মৎস্য আড়তকে এক লাখ টাকা, গঙ্গাপুর মৎস্য আড়তকে এক লাখ টাকা, আল্লাহরদান মৎস্য আড়তকে আড়াই লাখ টাকা, সোহেল মৎস্য আড়তকে ৯০ হাজার টাকা, গোল্ডেন ফিশ আড়তকে এক লাখ টাকা, লোকনাথ মৎস্য আড়তকে এক লাখ টাকা, মেট্রোসেম মৎস্য আড়তকে এক লাখ টাকা করে মোট ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন।
পাশাপাশি ৭টি আড়তের ৩৫ মণ জাটকা জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
জানা যায়, বেশ কিছুদিন ধরে এসব অসাধু ব্যবসায়ী জাটকা সংরক্ষণ ও বিক্রয় করে আসছিলেন।

