Logo
শিরোনাম

জাওয়াহিরির মৃত্যুর পর কে ধরছেন আল কায়েদার হাল?

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জঙ্গি সংগঠনটির হাল ধরেছিলেন তিনি। তবে তারও শেষ রক্ষা হলো না। জাওয়াহিরির মৃত্যুর পর প্রশ্ন উঠছে, এবার কে হতে যাচ্ছে আল কায়েদার পরবর্তী প্রধান?

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জেষ্ঠ্যতার বিচারে সাইফ আল আদেল, আব্দাল রহমান আল মাঘরেবি এবং ইয়াজিদ মেবরাকের নাম উঠে আসছে। তারা আল কায়েদা এবং আল শাবাবের নেতা। তবে এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না কে হচ্ছেন পরবর্তী আল কায়েদা প্রধান। যদিও এর মধ্যে আদেলের সম্ভাবনাই সবচেয়ে বেশি। ৬০ বছর বয়সী আদেল যুদ্ধে বেশ দক্ষ। জঙ্গিদের ট্রেনিং দেওয়ার বিষয়ে তার সুনাম রয়েছে। এছাড়া তার অভিজ্ঞতা রয়েছে বৃটিশ এবং মার্কিন সেনাদের ওপর হামলা করার। একসময় মিশরের সেনাবাহিনীতে কাজ করতেন তিনি। ফলে সামরিক জ্ঞানও ভালোই রয়েছে।

২০০১ সাল থেকে এফবিআইর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে আদেলের। একসময় তিনি ছিলেন লাদেনের নিরাপত্তা প্রধান। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১০ মিলিয়ন ডলার। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মার্কিন নাগরিক হত্যা এবং যুক্তরাষ্ট্রের ভবন ধ্বংসের অভিযোগ রয়েছে। ২০১১ সালে লাদেনের মৃত্যুর পর জঙ্গি সেলের অন্যতম পরিকল্পনাকারী হয়ে ওঠেন আদেল। জানা যায়, গত ১৯ বছর ধরে তিনি ইরানে লুকিয়ে রয়েছেন। ২০০৩ সালে একবার ইরানের রাষ্ট্রদূতকে আদেলের বিষয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, আদেলকে গ্রেপ্তার করা হয়েছে নাকি তিনি ইরানে মুক্ত অবস্থাতে রয়েছেন? সে সময় ইরানের রাষ্ট্রদূত জানান, জঙ্গিদের একাধিক পাসপোর্ট থাকে। ফলে কে কোন পরিচয় নিয়ে ইরানে প্রবেশ করছে তা সঠিকভাবে বলা কঠিন। তবে আল কায়দা প্রধান হতে হলে ইরান থেকে তাকে বের হতে হবে।

এবিসি নিউজের পুরোনো খবর অনুযায়ী, ১৯৯৩ সাল থেকেই আদেলকে খুঁজছে মার্কিন বাহিনী। সোমালিয়ায় একটি মার্কিন ব্ল্যাক হক উড়িয়ে দিয়েছিলেন তিনি। এতে ১৮ জন মার্কিনি নিহত হয়েছিল। সে সময় আদেলের বয়স ছিল ৩০ বছর। জানা গেছে, আদেলের আসল নাম মুহম্মদ সালাহ আল দিন জাইদান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত তিনিই আল কায়েদার হাল ধরতে যাচ্ছেন।


আরও খবর