
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত। জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ।
শনিবার (১৬ জুলাই) ভোর ৫টার দিকে তিলকপুর আউট সিগনালের আগে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। ট্রেনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও যাত্রীরা জানান, অতিরক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন জানান, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১২ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের আউট সিগন্যালের আগে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকা রয়েছে। এরপর ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভোর ৫টা ৮ মিনিটে আক্কেলপুর ঢোকে। তখন থেকে ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে আটকা আছে।

