
ভারতশাসিত জম্মু-কাশ্মিরে
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বিয়ের অনুষ্ঠান
শেষে ফেরার পথে বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় কাশ্মিরের পুঞ্চ জেলার তারারাওয়ালি
বাফলিয়াজ এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে
যায়।
স্থানীয় কর্তৃপক্ষের
বরাত দিয়ে শুক্রবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা
এএনআই এবং সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড।সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মিরের পুঞ্চ জেলার
তারারাওয়ালি বাফলিয়াজ এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ৩০০ ফুট
গভীর খাদে পড়ে যায়। আর এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে
জানানো হয়েছে, একটি টাটা সুমো গাড়ি উপত্যকাটির মুরা নামক একটি গ্রাম থেকে আসছিল। কিন্তু
ওই পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজ এলাকায় এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি।
আর তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির যাত্রীরা একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন।
কিন্তু সেই আনন্দ অনুষ্ঠানের রেশ রাতারাতি পরিণত হলো গভীর শোকে।
জানা গেছে, দুর্ঘটনার
পর ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও ৩ জন। গাড়িচালকসহ আহতদের
অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা সংক্রান্ত
সব রকম সাহায্য করা হচ্ছে।
স্থানীয় জেলাশাসক
জানিয়েছেন, আহত এবং মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়দের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া
হচ্ছে।

