Logo
শিরোনাম

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কাতার সফর শেষে আজ বুধবার (২৩ মার্চ) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। ধবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাবাহিনী প্রধান গত ২১ মার্চ ২০২২ তারিখ কাতার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন (ডিআইএমডিইএক্স)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। উক্ত এক্সিবিশন উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনের আগে সেনাবাহিনী প্রধান কাতারের আমিরের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরবর্তীতে তিনি কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাথে ডিআইএমডিইএক্স-২০২২ এ অংশগ্রহণকারী আন্তর্জাতিক ডিফেন্স ইন্ডাস্ট্রি সমূহের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসময় তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ড. ইসমাইল দেমির এর সঙ্গে বৈঠক করেন। ডিআইএমডিইএক্স চলাকালে শ্রীলংকা সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল সাভেন্দ্র সিলভা এবং রুয়ান্ডা সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল জ্য বস্কো কাজুরার সাথেও পৃথকভাবে সাক্ষাৎ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সাক্ষাতে শ্রীলংকা এবং রুয়ান্ডা সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনী প্রধান। কাতার সফরের দ্বিতীয় দিনে (২২ মার্চ ২০২২) সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এয়ার মার্শাল সালেম বিন হামাদ বিন মোহাম্মদ বিন আকিল আল নাবিত-এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তিনি বাংলাদেশ এবং কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত যৌথ প্রশিক্ষণ, অনুশীলন এবং অন্যান্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে কাতারসহ ডিআইএমডিইএক্স-২০২২ এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক ও সহযোগিতার সম্ভাবনা আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।


আরও খবর