Logo
শিরোনাম

খালেদা জিয়ার প্রতি সরকার যথেষ্ট উদারতা দেখিয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সরকার যথেষ্ট উদারতা দেখিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা তাকে (খালেদা জিয়া) বাসায় রেখে নিজের ইচ্ছা মতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছি, এটাই কি যথেষ্ট নয়।

বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা খালেদা জিয়ার প্রতি যথেষ্ট উদারতা দেখিয়েছি, আর কত! ৪৪ সালে যদি তার জন্ম হয় তার বয়স কত? সেটাও তো দেখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এরশাদকে যখন কারাগারে বন্দি করে রেখেছিল, তখন তাকে চিকিৎসার কোনও সুযোগ দেয়নি খালেদা জিয়া। রওশন এরশাদকেও দেয়নি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় তখন সাজেদা চৌধুরীর অপারেশন হয়েছিল, ঘা শুকায়নি সেই ব্যান্ডেজ অবস্থায় তাকে গ্রেফতার করে জেলে বন্দি করে রেখেছিল।

তিনি আরও বলেন, আমাদের নাসিমকে এমন অত্যাচার করেছিল যে তারা ভেবেছিল সে মারা গেছে, তাড়াতাড়ি কারাগারে পাঠিয়ে দেয়। যা হোক, সে বেঁচে গেছে। তারপর সেই অত্যাচারের ভিডিও নিয়ে খালেদা জিয়া-তারেক জিয়া দেখে উৎফুল্ল হয়েছে।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো যখন মারা গেল আমি তার বাসায় গেলাম সহানুভূতি দেখাতে। কি কাণ্ড দেখুন তারা বাসায় তালা লাগিয়ে দিল। আমি কিন্তু হঠাৎ করে সেখানে যায়নি। আগে আমার এখান থেকে মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করেছে, এডিসি যোগাযোগ করেছে। সময় নির্দিষ্ট করা হয়েছে, আমি সময় মতো গেছি। যখন আমার গাড়িটা বাড়ির সামনে গিয়ে থামল, এসএসএফর এক অফিসার বাড়ির ভেতরে থেকে এসে জাস্ট বাইরে দাঁড়িয়েছে তারা দরজা বন্ধ করে তালা দিয়ে দিয়েছে। আমি এটা দেখে বেকুব হয়ে গেলাম। সেখানে এভাবে অপমান করে দিলো।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আপনাদের ইতিহাস জানা দরকার। তারা আমার পিতার হত্যাকারীদের বিচার করতে দেবে না। খুনিদের বিচার আমরা শুরু করেছি ৯৬ সালে যখন ক্ষমতায় আসি। ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। বিচার শুধু বন্ধই না, একজন খুনি সে বিদেশে মারা যায়। পাশা, সামরিক অফিসার। আমরা ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবে তাদের সবাইকে চাকরি থেকে বের করে দিয়েছি। সেই মৃত অফিসারকে খালেদা জিয়া এসে তাকে অবসরের সুযোগ দেয়। প্রমোশন দিয়ে সব টাকা-পয়সা ফেরত দেয়। কতটা জঘন্য মনোবৃত্তি তাদের সেটাই মানুষকে জানতে হবে।


আরও খবর