
রাজধানীর খিলগাঁওয়ে
বাসায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলামিন আকন্দ (৩৭) নামের এক
রিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) খিলগাঁওয়ে আদর্শ গলি এলাকায় রাত সাড়ে ৯টার
দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলামিনের
স্ত্রী ঝুমুর আক্তার জানান, আমার স্বামী একজন রিকশাচালক। বাইরে থেকে বাসায় এসে টেবিল
ফ্যানের সুইচ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল
কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার
দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহতের
গ্রামের বাড়ি পটুয়াখালী সদর জেলার বাদুরায়। বর্তমানে খিলগাঁও আদর্শ গলি এলাকার ৩৪০/২
নম্বর টিনশেড বাসায় একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

