
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ১৩ জন এবং উপসর্গে চারজন মারা গেছেন। এরমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র
ডা. সুহাস হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায়
চারজন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন- খুলনা মহানগরীর চানমারী
এলাকার মমতাজ বেগম (৫৫), খালিশপুরের রহিমা পারভীন, সোনাডাঙ্গার মনোয়ারা বেগম (৫০)
ও বাগেরহাটের ফকিরহাটের সুব্রত পাল (৪৫)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮০ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী
ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন,
নগরীর বড় বয়রা এলাকার নোভা দাশ (৭৫), ডুমুরিয়ার নজরুল ইসলাম (৬৮), পাইকগাছার কপিলমুনির
শোভা সাহা (৭৫) এবং বাগেরহাট সদরের মাহমুদা বেগম (৫৫)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
আরও ১৩৪ জন।
খুলনা জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা.
কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, নগরীর খালিশপুরের জিল্লু মিয়া(৬৫),
রহিম নগরের আমির হোসেন (৬৫), রূপসার নন্দনপুরের শরিফুল ইসলাম (৫২), বাগেরহাটের ফকিরহাট
উপজেলার শারমিন বেগম (৪৫) ও একই উপজেলার মারিয়া (৩৯)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হওয়া ৪৫ জন রোগী ভর্তি রয়েছে। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

