
অনলাইন প্রতারণার মাধ্যমে ব্যাপক পরিমাণ অর্থ আত্মসাৎ-এর অভিযোগে কিউকম কোম্পানির মালিককে গ্রেফতার করেছে ডিএমপি'র ডিবি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) ইফতেখারুল ইসলাম।
এ ব্যাপারে আজ সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন ডিবি প্রধান।
উল্লেখ্য, ইভ্যালি, ই-অরেঞ্জের প্রতারণার পর আলোচনায় ছিল ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম। ‘পুরো দেশ আর সারা দুনিয়া জুড়ে কিউকম ছড়াতে চাই, ইনশাআল্লাহ’ ‘৮ বিভাগে নিজস্ব ডেলিভারি পয়েন্ট, ওয়ারহাউজ, কাস্টমার কেয়ার চালু করবে কিউকম’-নিজের ফেসবুক পেজে এমনই নানা চটকদার স্ট্যাটাস আর নিউজের মাধ্যমে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করেন আরজে (রেডিও জকি) নিরব।
ই-কমার্স প্রতিষ্ঠানটির হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন পদে আছেন হুমায়ুন কবির নিরব। প্রতিষ্ঠানটির এমডি ও সিইও হিসেবে আছেন রিপন মিয়া। তাদের মত তারকাদের উৎসাহে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এখন প্রতারণার আশঙ্কায় চরম হতাশার মধ্যে পড়েছেন হাজার হাজার গ্রাহক।
প্রতিষ্ঠানটি বিরুদ্ধে অর্ডারকৃত পণ্য নির্ধারিত সময় অতিক্রমের পরও না পাওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। নিরব ও প্রতিষ্ঠানটির মালিক (এমডি ও সিইও) রিপন মিয়ার ফেসবুকে এসব অভিযোগ করেছেন গ্রাহকরা। তবে কোনো সদুত্তর খুঁজে পাচ্ছেন না গ্রাহকরা। এরইমধ্যে নিজস্ব অফিস বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

