
কোলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার ভোররাতে গেস্ট হাউসে আগুন লাগে। এ সময় আগুনে ঝলসে মৃত্যু হয় এক বাংলাদেশি নাগরিকের। আহত হয় আরও দু’জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের
১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে
করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে,
শনিবার ভোরে ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি গেস্ট হাউসে
আগুন লাগে। গেস্ট হাউসের দোতলা থেকে দ্রুত এই আগুন ছড়িয়ে যায় আশেপাশে। কালো ধোঁয়ায়
ঢেকে যায় চারদিক। একে একে অন্তত দশটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার
সার্ভিস। আগুন নেভানোর চেষ্টার সঙ্গে সঙ্গে চলে উদ্ধার কাজ।
জানা যায়, ধোঁয়ায়
অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। পরে এক ৬০ বছরের বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করা হয়। তিনি
বাংলাদেশি নাগরিক বলে সূত্রের খবর। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বেশ কয়েকজন।

