Logo
শিরোনাম

করোনায় এক সপ্তাহে মৃত্যু ১৪৬ জন, টিকা নেয়নি ৯১ জন

প্রকাশিত:মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত এক সপ্তাহে দেশে করোনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, মারা যাওয়াদের মধ্যে সংখ্যায় যা ৯১ জন বা  ৬২ দশমিক ৩ শতাংশই করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার একটি ডোজও নেননি। সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিকাল প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ১৪৬ জনের মধ্যে মাত্র ৫৫ জন (৩৭ দশমিক ৭ শতাংশ) করোনার টিকা নিয়েছিলেন। এই ৫৫ জনের মধ্যে ছয় জন প্রথম ডোজ, ৪৮ জন দ্বিতীয় ডোজ এবং আরও একজন বুস্টার ডোজ নিয়েছিলেন। আর অবশিষ্ট ৯১ জনই ৬২ দশমিক ৩ শতাংশ করোনার টিকার কোনো ডোজই নেননি।

আরও বলা হয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে ডায়াবেটিস, ক্যানসার ও কিডনি রোগসহ কোনো না কোনো দুরারোগ্য অসংক্রামক ব্যাধিতে (কোমরবিড) আক্রান্ত ৯০ জন। শতকরা হার ৬১ দশমিক ৬ শতাংশ।

গত সপ্তাহে মারা যাওয়া ১৪৬ জনের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ছিলেন উচ্চ রক্তচাপে; ৫৮ দশমিক ৯ শতাংশ। এরপর রয়েছে ডায়াবেটিস; আক্রান্ত ছিলেন ৫৪ দশমিক ৪ শতাংশ। কিডনি রোগে আক্রান্ত ছিলেন ১ দশমিক ১ শতাংশ, হৃদরোগে আক্রান্ত ছিলেন ২৪ দশমিক ৪ শতাংশ। এছাড়াও বক্ষব্যাধিতে ১৮ দশমিক ৯ শতাংশ, ক্যানসারে আক্রান্ত ছিলেন ৪ দশমিক ৪ শতাংশ, বাত জ্বরে আক্রান্ত ছিলেন ২ দশমিক ২ শতাংশ এবং স্ট্রোকে আক্রান্ত ছিলেন ৪ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়াদের কেউ কেউ দুই বা ততোধিক রোগে আক্রান্ত ছিল। তবে গত সপ্তাহে থাইরয়েডজনিত, রক্তরোগ এবং মানসিক সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।


আরও খবর