
কুমিল্লার লালমাই
উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)
সকাল ৮টায় উপজেলার বড় ধর্মপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া
ও জাহাঙ্গীর হোসেন বরুড়া উপজেলার শীলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও (রং বাড়ি) গ্রামের
বাসিন্দা। তারা দুজন পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি ছিলেন।
লাকসাম হাইওয়ে
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দুজন কাজের উদ্দেশ্যে বের হয়ে লালমাইয়ের
বড় ধর্মপুর জামান ব্রিকস ফিল্ড (ফাঁকা এলাকা) এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা
গাড়ি চাপা দেয়। তখন ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে
খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে লাকসাম
হাইওয়ে থানার আইসি মনজুরুল আহসান ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তায় মরদেহগুলো
দেখে পুলিশকে জানান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আইনগত
প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

