Logo
শিরোনাম

কুষ্টিয়ায় করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ৩১ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত  চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চার জনের করোনা পজিটিভ এবং তিন জনের করোনার উপসর্গ ছিল।

এ বিষয়ে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৭৭ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৪৭ জন উপসর্গ নিয়ে মোট ২২৪ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ শতাংশ।

এদিকে, ১৪ দিনের লকডাউনের নবম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু, মানুষ কোনো বাধা মানতে চাচ্ছে না, নানা অজুহাতে শহরে প্রবেশ করছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

গতকাল শুক্রবার দিনভর অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৯১ জনের কাছ থেকে ৪৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।


আরও খবর