
মাগুরায় ট্রাকের
সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৫৫) নামের এক উপসহকারী প্রকৌশলী নিহত
হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শহরের ভায়না এলাকায় আজ সোমবার রাত সাড়ে আটটার
দিকে এ দুর্ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম
মাগুরা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত
ছিলেন। তাঁর বাড়ি শালিখা উপজেলার নরসিংহাটি গ্রামে। তিনি মাগুরা পৌর এলাকার ইসলামবাগে
থাকতেন।
মাগুরা সদর উপজেলা
প্রকৌশলী মো. আবদুল্লাহ আল কবির বলেন, রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত শরিফুল কার্যালয়ে কাজ
করেছেন। এর কিছুক্ষণ পরই ভায়নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড পরিশ্রমী মানুষ
ছিলেন তিনি।
মাগুরা সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেল আরোহী উপসহকারী প্রকৌশলী
শরিফুল আজ রাত সাড়ে আটটার দিকে শহরের কলেজ রোড দিয়ে ভায়নার দিকে যাচ্ছিলেন, একই সময়
ঝিনাইদহের দিক দিয়ে ওই ট্রাক আসে। এ সময় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শরিফুল
ট্রাকের পেছনের চাকার নিচে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি
জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁর লাশ উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট
হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

