
কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রবিউল হাসান (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই। রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের নজির হোসেন প্রকাশ বদুর ছেলে।
এলাকাবাসীরা
জানান, শিশু রবিউল হাসান বিকালে বাড়ির পাশে পাহাড়ের কোলে খেলতে যায়। সন্ধ্যা পর্যন্ত
বাড়ি ফিরে না আসায় তার মা-বাবা ও আত্মীয়-স্বজন তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক
পর্যায়ে তারা বাড়ির পাশের একটি পাহাড় থেকে অতি বর্ষণের কারণে ধসে পড়া মাটির স্তূপের
পাশে রবিউলের লুঙ্গি পড়ে থাকতে দেখেন। পরে মাটি খুঁড়ে তল্লাশি চালালে ধসে পড়া মাটির
নিচে তার মরদেহ পাওয়া যায়।
মহেশখালী থানার
ওসি আবদুল হাই জানান, বৃষ্টির সময় পাহাড়ের পাশে খেলতে গিয়ে শিশুটি মাটি চাপা পড়ে
মারা গেছে। পরে খোঁজাখুঁজি করে রাত ৯টার দিকে তার লাশ পাওয়া যায়।
তিনি বলেন,
“গত বছরও
একই এলাকায় পাহাড় চাপায় এক শিশুর মৃত্যু হয়েছিল। ইউনিয়ন পরিষদ থেকে ইতোপূর্বে
লোকজনকে পাহাড় ধসের বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছে। তবুও অসচেতনতার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে
এসব ঘটনা ঘটে যায়।”
স্থানীয় ইউপি
চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা থাকায়
তার এলাকার জনগণকে পাহাড়ি এলাকা থেকে সরে যাওয়ার জন্য রাতে মাইকিং করা হয়েছে বলে
জানান।

