
নাশকতা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক
মনিরুল ইসলামসহ পৃথক দুটি মামলায় ৪২ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার (২৫
জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমাছ হোসেন মৃধা তাদের কারাগারে
প্রেরণের নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল
হোসেন সিকদার বলেন, পৃথক দুই মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান
মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিবভী জর্জ,
লোহাগড়া উপজেলা সভাপতি মো. নজরুল জমাদার, বিএনপির, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের
বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ পৃথক দুই মামলায় ৪২ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন
করলে আদালতের বিচারক শুনানি শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মঙ্গলবার কালিয়া ও
নড়াগাতি থানার মামলা ও বুধবার সদর ও লোহাগড়া থানার মামলায় দুদিনে শতাধিক নেতাকর্মীকে
কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে সীমাখালীর
মালিবাগ এলাকায় নাশকতা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় ৪ ডিসেম্বর সদর থানায়
দায়েরকৃত নাশকতার মামলায় ৩২ জনের নাম উল্লেখসহ ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের
করে পুলিশ। এরপর আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। গত ১০ ডিসেম্বর
বিএনপির ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে এসব মামলা হয় বলে জানায় বিএনপির নেতারা।

