Logo
শিরোনাম

নিয়মের বাইরে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না : আইজিপি

প্রকাশিত:রবিবার ০৪ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, আইনের মধ্যে থেকে কাজ করছে পুলিশ। নিয়মের বাইরে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

আজ শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির সমাবেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপিকে যেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তারা কর্মসূচি পালন করবে। এখনো সময় আছে, আমরা অপেক্ষা করব। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা করি।

সমাবেশ ঘিরে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে আইজিপি বলেন, আমাদের তদন্ত চলছে। ১০ ডিসেম্বর নিয়ে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই। তবে নাশকতার বিষয় বিবেচনায় রেখে পরিকল্পনা করছি।

এর আগে অনুষ্ঠানে আইজিপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজের মধ্যে দেশপ্রেম থাকলে দেশের বাইরে থাকলেও দেশের জন্য নিবেদিত হয়ে দায়িত্ব পালন করা যায়। দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্য, মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে।

পুলিশপ্রধান বলেন, তোমাদের জ্ঞান শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ধরনের বই পড়তে হবে। ডিজিটালাইজেশনের কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মোবাইলের ব্যবহার বাড়ছে। মোবাইল দিয়ে অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে। আমরা ডিজিটাল ডিভাইস অবশ্যই ব্যবহার করব। কিন্তু এর মধ্যে হারিয়ে যাব না।

তিনি আরও বলেন, জীবনে ব্যর্থতা আসতে পারে। সব কাজে সফলতা আসবে এমন নয়। এ জন্য দমে যাওয়ার কোনো সুযোগ নেই। সবার মাঝে অমিত সম্ভাবনা রয়েছে। নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, জীবনের যে কোনো পর্যায়ে সাফল্য আসতে পারে। আমরা ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাই না, আমরা সফল হতে চাই। আমরা অন্যের কাছে অনুপ্রেরণা হবো, যাতে অন্যরা আমাদের দেখে শিখতে পারে।


আরও খবর