Logo
শিরোনাম

অনিশ্চয়তায় টলি তারকাদের ছবি, শাপলা মিডিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এখন জোর আলোচনা শাপলা মিডিয়ার ভবিষ্যৎ কী? বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে 'আমি নেতা হবো' চলচ্চিত্রে চুক্তিবদ্ধ করে প্রথম আলোচনায় আসে এই প্রযোজনা সংস্থা। এরপর ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি একসঙ্গে ১০০ ছবি নির্মাণের ঘোষণা দিয়ে চারদিকে হইচই ফেলে দেয় শাপলা মিডিয়া।

এই প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সম্প্রতি সেলিম খানের বিরুদ্ধে অবৈধভাবে নদীবুক থেকে বালি চুরি, জমি দখলের মতো নানা অপকর্মের কথা উঠে এসেছে সংবাদমাধ্যমে। পাশাপাশি সেলিম খানের অবৈধ সম্পদ নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। জানা গিয়েছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সেলিম খানকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে আওয়ামী লীগ। যদিও এই বহিষ্কার প্রসঙ্গে সেলিম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, সেন্ট্রাল আওয়ামী লীগের নোটিশ ছাড়া আজীবনের জন্য এ ভাবে বহিষ্কার করা যায় না। এই বহিষ্কার অবৈধ। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

এ দিকে সেলিম খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলাকালীন সেলিম খান যাতে বিদেশে না যেতে পারেন, এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয় কমিশন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ আদেশ দিয়েছেন আগামী দুই মাস সেলিম খান বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।

শাপলা মিডিয়ার কর্ণধার এ সব ঝামেলায় জড়িয়ে পড়ায় এই প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের অনেকেই। বাংলাদেশের নতুন প্রজন্মের বেশ কিছু নায়ক, নায়িকা, পরিচালক শাপলা মিডিয়ার কাজে যুক্ত। এ ছাড়া কলকাতারও শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়রা শাপলা মিডিয়ার বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। সেলিম খানের পুত্র শান্ত খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী অভিনীত 'বিক্ষোভ' ছবির মুক্তি আগামী শুক্রবার। আরও দশটার বেশি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। সব কি অনিশ্চিত হয়ে যাবে এখন?

এ প্রসঙ্গে সেলিম খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠানে কোনও প্রভাব পড়বে না। শাপলা মিডিয়া তার মতো করে সিনেমা প্রযোজনা করে যাবে। আমরা সামনে আরও বেশ কিছু সিনেমা নিয়ে আসব।

কী হবে শাপলা মিডিয়ার ভবিষ্যৎ, তা জানা যাবে অচিরেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তের ফলাফলের অপেক্ষায় সবাই। আপাতত দুশ্চিন্তা কাটবে না শাপলা মিডিয়ার ১০০ ছবির সঙ্গে যুক্ত বিপুল সংখ্যক কলাকুশলীর।

নিউজ ট্যাগ: শাপলা মিডিয়া

আরও খবর