
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয়
বন্দর শহর ওডেসায় একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে পাঁচজন
নিহত ও ১৮ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক
একটি অনলাইন পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্স জানায়,
শনিবার রুশ বাহিনী কৃষ্ণ সাগরের বন্দর শহর ওডেসার একটি সামরিক স্থাপনা এবং দুটি আবাসিক
ভবনে আঘাত হেনেছে। এতে দুটি ভবন ধ্বংস হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয়
এয়ার কমান্ডও বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মারিউপোলে
দখলে নিতে শেষ ইউক্রেনীয় ডিফেন্ডারদের ওপর পুনরায় হামলা শুরু করেছে রাশিয়া। শনিবার
এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন, মস্কো দক্ষিণের এই বন্দর নগরীতে কয়েক দিন আগে বিজয়
ঘোষণা করেছে। অথচ ফের তারা এটার দখল নেওয়ার কথা বলছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের
উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ‘শত্রুরা মারিউপোলের রক্ষকদের চূড়ান্ত প্রতিরোধকে শ্বাসরোধ
করার চেষ্টা করছে।’
ডনেস্ক ও লুহানস্ক
নিয়ে ডনবাস অঞ্চলটি। এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রুশ সেনারা আক্রমণ করে এগোতে চাইছে।
অঞ্চলটি দখলের মাধ্যমে তারা দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে একটি স্থল করিডোর স্থাপন করতে চায়।
একই সঙ্গে তারা অবরুদ্ধ শহর মারিউপোলের শেষ প্রতিরোধ ঘাঁটিও নিশ্চিহ্ন করতে চাইছে।
এমনটিই জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান।

