
করোনার নতুন ধরন ওমিক্রন উদ্বেগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশেরও বেশি। শুক্রবার (২৬ নভেম্বর) মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৬৮ দশমিক ১৫ ডলার।
এছাড়াও, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১২ শতাংশ কমে ব্যারেল প্রতি বিক্রি হয়েছে ৭২ দশমিক ৭২ ডলারে। গত সপ্তাহেও জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৮০ ডলার ছুঁই ছুঁই।
২০২০ সালের এপ্রিল, অর্থাৎ করোনা মহামারির প্রথমদিকে রেকর্ড ধসের পর বিশ্ববাজারে তেলের দামের এটাই সবচেয়ে বড় পতন। শুধু তেলের বাজারই নয়, ওমিক্রনের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে শেয়ারবাজারও।
রয়টার্সের তথ্য বলছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক কমেছে দুই দশমিক পাঁচ শতাংশ, যা ২০২০ সালের অক্টোবরের পর থেকে তাদের সবচেয়ে বাজে পরিস্থিতি।
উল্লেখ্য, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরণ বি.১.১.৫২৯ প্রথম শনাক্ত হয়। এটিকে অতি সংক্রামক এবং উদ্বেগজনক হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।
ধরনটির সংক্রমণ রোধ করতে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার কয়েকটি দেশ থেকে পর্যটক আসা নিষিদ্ধ করেছে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ।

