
চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডে স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু ফরহাদকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানায় শিমুর বড় ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে মামলায় গ্রেপ্তার নোবেল ও ফরহাদকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তাদের দুই জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার
অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, আজ বিকেলে শিমু হত্যাকাণ্ডে তার বড়
ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নিহত শিমুর স্বামী নোবেল ও তার
বন্ধু ফরহাদকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।
পারিবারিক কলহ ও দাম্পত্যের জেরে অভিনেত্রীর
স্বামী নোবেলই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি পুলিশের করেছেন। আর সেই লাশ গুম করতে
সাহায্য করেন নোবেলের বাল্যবন্ধু ফরহাদ।
স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিনরোড
এলাকার একটি বাসায় থাকতেন সিনেমা ও নাটকের অভিনয়শিল্পী শিমু। তিনি নিখোঁজ জানিয়ে সোমবার
কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এদিকে সোমবার সকালে কদমতলী এলাকা থেকে শিমুর
বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

