
আফগানিস্তানের
উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জশিরে ছয় শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।
শনিবার ন্যাশনাল
রেজিসটেন্স ফোর্সের (এনআরএফ) উদ্ধৃতি দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিক এ তথ্য জানিয়েছে।
পাঞ্জশিরে এনআরএফ
মুখপাত্র ফাহিম দাস্তি এক টুইটবার্তায় দাবি করেছেন, আমরা ৬০০ তালেবান যোদ্ধাকে খতম
করেছি। আরও এক হাজারেরও বেশি যোদ্ধাকে বন্দি করা হয়েছে।
তালেবানের সব
যুদ্ধ সরঞ্জাম প্রতিরোধ বাহিনী ধ্বংস করেছে বলেও দাবি করেছেন তিনি। এর আগেও তালেবানের
৩০০ যোদ্ধাকে খতম করার দাবি করেছিল উত্তরের জোট।
এদিকে শনিবার
আহমেদ মাসউদের পক্ষে নর্দান অ্যালায়েন্স তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, সাতশ’র বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে। ৬০০
বন্দি ও কারারুদ্ধ। বাকিরা পালানোর চেষ্টা করছে। আমরা ফ্রন্টলাইনে আছি। সবকিছুই পরিকল্পিত
ছিল। আমরা পুরো প্রদেশ নিয়ন্ত্রণ করছি।
ওই এলাকায় স্থল
মাইন থাকার কারণে পাঞ্জশির প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে তালেবানদের আক্রমণ মন্থর হয়েছে।
পাঞ্জশিরে যুদ্ধ
অব্যাহত রয়েছে। কিন্তু রাস্তায় ল্যান্ডমাইনের কারণে রাজধানী বাজারাক এবং প্রাদেশিক
গভর্নরের প্রাঙ্গণে যাওয়ায় ধীরগতি হচ্ছে।
সংবাদ সংস্থা
আসাবাকা-র কাছে তালেবান মুখপাত্র বিলাল কারিমি দাবি করেছেন, আনাবা, খিঞ্জ, উনাবসহ বেশ
কয়েকটি জেলাতেও ঢুকে পড়েছেন তাদের যোদ্ধারা।

