
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।
এর আগে, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর আমিরাত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচদিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির সঙ্গে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে চায় বাংলাদেশ।
এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেবে ঢাকা।

