
কারাগারে বন্দী নেতাদের মুক্তিসহ সাত দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন হেফাজত নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও একটি গোয়েন্দা সংস্থার প্রধানও সেখানে উপস্থিত ছিলেন।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদরীদ নদভী গণমাধ্যমকে বলেন, হেফাজতে আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দেয়ার জন্য সময় চাওয়া হয়েছিল। আজ আমরা সময় পেয়েছি। আসরের নামাজের পর এক ঘণ্টার বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আমাদের দাবিগুলো খুব গুরুত্ব-সহকারে নিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের কারাবন্দী নেতাদের মুক্তি, পাবলিক পরীক্ষায় ধর্মীয় বিষয় আবশ্যকসহ সাত দফা দাবি জানানো হয়েছে।
কারাগারে বন্দি নেতাদের মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন জানতে চাইলে নদভী বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি দেখভালের দায়িত্ব দিয়েছেন। অন্য দাবিগুলোর বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রধানকে দেখতে বলেছেন বলেও জানান তিনি।

