Logo
শিরোনাম

পুতিনকে যুদ্ধ থামাতে এরদোগানের চাপ

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে আগ্রাসন বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। রোববার দুই দেশের প্রধানের মধ্যে ফোনে কথা হয়। খবর মিডল ইস্ট আই-এর।

ফোনালাপের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের গুরুত্ব, শান্তি প্রতিষ্ঠা ও এ অঞ্চলে মানবিক পরিস্থিতির উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এরদোগান। দুই নেতা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পরবর্তী আলোচনা ইস্তান্বুলে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সম্মত হন।

রোববার ইউক্রেনের আলোচক দলের সদস্য ডেভিড আরাখামিয়া জানিয়েছিলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পরবর্তী সরাসরি আলোচনা ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে তুরস্কে। এর আগে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনাকে খুব কঠিন বলে উল্লেখ করেছে ইউক্রেন।

বৃহস্পতিবার এরদোগান পুতিনকে ইউক্রেন যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে আরও মধ্যস্থতা করার পরিকল্পনার কথা বলেছিলেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। এর পর থেকে বেলারুশে কয়েক দফা ও তুরস্কে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।


আরও খবর