Logo
শিরোনাম

রাজধানীতে হেলে পড়া সেই ভবনটি ভাঙা হচ্ছে কাল

প্রকাশিত:শুক্রবার ২৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর সূত্রাপুরে ৪৪ নম্বর ওয়ার্ডের তনুগঞ্জ লেনের কুলুটোলায় হেলে পড়া ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

জানা যায়, গত ১৯ আগস্ট ওই এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামের ছয়তলা ভবনটি হেলে পড়ে। ঘটনার পরপরই ভবনটি সীলগালা করে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় আগামীকাল (২৮ আগস্ট) থেকে এটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করবে ডিএসসিসি।

আবু নাছের জানিয়েছেন, আগামীকাল শনিবার দুপুর থেকে শুরু হবে ভাঙার কাজ।

দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে।

১৯ আগস্ট ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় তারা ভবনের কিছু বাসিন্দাকে উদ্ধার করেন বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।

সেদিনই রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, দক্ষিণ সিটির ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত কারিগরি কমিটির সভাপতি ও করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান ও সদস্য সচিব খায়রুল বাকের, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত আঞ্চলিক কমিটির সভাপতি ও অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, সদস্য সচিব সাইফুল ইসলাম জয়, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ইমন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ও ডিপিডিসির শীর্ষস্থানীয় কর্মকর্তা, স্থানীয় থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দক্ষিণ সিটির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার বলেন, নিজ উদ্যোগে ভবনটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করেছেন বাড়ির মালিক। শুক্রবার ভবনের দরজা-জানালা অপসারণসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার ভবনের মূল অবকাঠামো ভাঙা শুরু হবে।

৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ইমন বলেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে কাজ করছেন বাড়ির মালিক। আমরা তার পাশে থেকে সার্বিক সহযোগিতা করব।


আরও খবর