
রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৬০ শতাংশ। এক দিনে ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ব্যক্তি করোনা উপসর্গে ভুগছিলেন। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছরের মধ্যে। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।
এর মধ্যে রাজশাহীর ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয় জন, নওগাঁর তিন জন, নাটোরের দুই জন, পাবনার তিন জন, কুষ্টিয়ার তিন জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন ও মেহেরপুরের একজন রোগী রয়েছেন। এই ৪৯ জনের মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৩৪ জন। আর করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন রোগী। এছাড়া করোনা ধরা পড়েনি এমন রোগী আছেন দুই জন।
এদিকে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়। এতে ১১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ৪৬২ নমুনা পরীক্ষা কর হয়।
এতে ২৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ একদিনে ৬৪১ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
নমুনা শনাক্তের অনুপাতে রাজশাহী জেলায় বর্তমানে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৬০ শতাংশ। এর আগের দিন ছিল ৫৫ দশমিক ৭৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা সংক্রমণের দিক থেকে রাজশাহী এখন রেড জোনে (অতি ঝুঁকিপূর্ণ) রয়েছে।

