
ইউক্রেনে রাশিয়ার
হামলার পর অনেক ধনকুবের নিজ দেশে রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছেন। কারণ ইউক্রেনে
আগ্রাসনের ফলে পশ্চিমা রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। এ অবস্থায় আশঙ্কায়
পড়েছেন রুশ কোটিপতিরা। তাই তারা দেশ ছাড়তে চাচ্ছেন।
দ্য গার্ডিয়ান
জানিয়েছে, চলতি বছর ১৫ হাজারের বেশি রুশ ধনকুবের রাশিয়া ছেড়ে যেতে পারেন। ধনীদের অন্য
দেশে নাগরিকত্ব বিক্রির ক্ষেত্রে মধ্যস্থতাকারী হেনলি অ্যান্ড পার্টনার্স অভিবাসনের
তথ্য বিশ্লেষণ করে বলেছে, যাদের ১০ লাখের বেশি সম্পদ রয়েছে তাদের অন্তত ১৫ শতাংশ এ
বছরে রাশিয়া ছেড়ে অন্য দেশে চলে যাবেন বলে
ধারণা করা হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান
নিউ ওয়ার্ল্ড ওয়েলথের গবেষণা প্রধান অ্যান্ড্রু অ্যামোইলস বলেছেন, প্রায় এক দশক ধরে
রুশ ধনীরা ক্রমবর্ধমান হারে দেশত্যাগ করছেন। দেশটি যে বর্তমানে ব্যাপক সমস্যার মধ্যে
রয়েছে, এটি তার প্রাথমিক সঙ্কেত। আমরা যদি অতীত দেখি তাহলে দেখতে পাব, যখন কোনো বড়
দেশের পতন অত্যাসন্ন হয়ে পড়ে, তখন ধনীদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক পড়ে।
অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত
ইউক্রেনের ধনীরাও সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ধারণা করা হচ্ছে, এ বছরের শেষ
নাগাদ ২ হাজার ৮০০ কোটিপতি দেশ ছেড়ে চলে যাবেন।
হেনলি অ্যান্ড
পার্টনার্স জানিয়েছে, বিশ্বের ধনীরা ঐতিহ্যগতভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাড়ি
জমায়। তবে সম্প্রতি ধনীদের নতুন গন্তব্য হয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ও
যুক্তরাজ্য ধনীদের আর আগের মতো আকর্ষণ করতে পারছে না। অনুমান করা হচ্ছে, পাড়ি জমানোর
জন্য চলতি বছর বিশ্বের ধনীদের পছন্দের দেশ হিসেবে শীর্ষে উঠে আসবে সংযুক্ত আরব আমিরাত।

