Logo
শিরোনাম

রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

প্রকাশিত:বুধবার ০৯ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১২২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করার কথা ঘোষণা করতে যাচ্ছে। মঙ্গলবার (৮ মার্চ) এই খবর জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, এবং রাশিয়ার গ্যাস এর আওতায় পড়বে না।

এদিকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইইউ জানায়, চলতি বছর রাশিয়ান গ্যাস আমদানি দুই তৃতীয়াংশে নামিয়ে আনবে। আর ২০৩০ সালের আগে তেল এবং গ্যাস আমদানির সামগ্রিক চাহিদা শেষ করবে।

ইইউ আরও জানায়, রাশিয়ার বাইরে অন্য সরবরাহকারীদের থেকে পাইপ লাইনে এবং উচ্চতর এলএনজি গ্যাস আমদানি করে গ্যাস সরবরাহে বৈচিত্র্য এনে রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীলতা কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।


আরও খবর