
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ
হত্যাকাণ্ডের ফতোয়াদাতা ও কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডারকে গ্রেপ্তার করেছে
১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তার নাম মৌলভী জকোরিয়া (৫৫)।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক। গ্রেপ্তার জকোরিয়া কুতুপালং ১ নং ক্যাম্পের আব্দুল করিমের ছেলে। তিনি কথিত আরসার ওলামা শাখার প্রধান হিসেবে কাজ করছিলেন।
১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক জানান,
রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা নিহত মাষ্টার মুহিবুল্লাহর সাথে তার মতো বিরোধ
ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে সে
আত্বগোপনে চলে যান। কিন্তু তাকে ধরার জন্য ১৪ এপিবিএন হত্যাকাণ্ডের পর থেকেই গোয়েন্দা
কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘ চার মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএন এর লম্বাশিয়া
ক্যাম্প পুলিশ তাকে শনিবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে
দুস্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়। তার বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, মৌলভী জকোরিয়া ২০১৫ মায়ানমার
থেকে এসে ফেরত যায়। আবার তিনি ২০১৭ সালে আশ্রিত হয়ে লম্বাশিয়া এলাকায় অবস্থান করেন।
তিনি ২০১৯ সালে ফতোয়া বিভাগের দায়িত্ব পান। ২০২০ সালে কথিত আরসার কুতুপালং ক্যাম্প
এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

