
খাদ্য থেকে শুরু করে পোশাক সবকিছুই মেলে ব্রিটিশ রিটেইল মার্কস অ্যান্ড স্পেন্সারের (এমঅ্যান্ডএস) কাছে। বিভিন্ন দেশের মতো রাশিয়ায়ও বিস্তৃত ছিল সংস্থাটির কার্যক্রম। কিন্তু ইউক্রেনে রুশ আগ্রাসনে এখন সেখান থেকে সরে আসতে চাইছে প্রতিষ্ঠানটি। এজন্য রুশ অর্থনীতি থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
ফেব্রুয়ারির শেষে রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করলে মার্চ থেকেই রাশিয়ায় পণ্য পরিবহন বন্ধ করে দেয় এমঅ্যান্ডএস। এরপর রাশিয়া থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। রাশিয়ায় এমঅ্যান্ডএসের ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে তুরস্কের ফিবা গ্রুপ। পাশাপাশি ইউক্রেনেও ফিবা গ্রুপের মাধ্যমেই ব্যবসা পরিচালনা করত এমঅ্যান্ডএস। সেখানে প্রায় ৩ কোটি ১০ লাখ ডলারের ব্যবসা ছিল। কিন্তু যুদ্ধের কারণে সেটিও বন্ধ।
এক বিবৃতিতে এমঅ্যান্ডএস জানিয়েছে, যুদ্ধের প্রভাবে ইউক্রেনে ব্যবসার কার্যক্রম আংশিক বন্ধ থাকলেও দ্রুত যেন তা আবার শুরু করা যায় সে বিষয়ে অংশীদারদের সঙ্গে কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনে ব্যবসা আবার শুরু করা হলেও রাশিয়া থেকে স্থায়ীভাবে সরে আসছে মার্কস অ্যান্ড স্পেন্সার।
এর আগে ব্রেক্সিটসংক্রান্ত জটিলতার জের ধরে ফ্রান্সে অর্ধেকেরও বেশি শোরুম বন্ধ করে দেয় এমঅ্যান্ডএস। মূলত ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় তাজা ও বরফজাত খাবারের সরবরাহে সংকট দেখা দেয়। সে কারণেই ফ্রান্সের অনেক শোরুম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।

