
টিভিতে সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় ক্যামেরার সামনে যুদ্ধবিরোধী
প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো সেই রুশ সাংবাদিক মারিনা ওভসায়ানিকোভাকে মস্কোর একটি আদালতে
তোলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মারিনার বিরুদ্ধে ‘আনঅথরাইজড পাবলিক ইভেন্ট’ আয়োজনের অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
রাশিয়ার আইন অনুযায়ী, এই ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধে
সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জরিমানা, কমিউনিটি সেবা অথবা ১০ দিন কারাদণ্ড ভোগ করতে
হবে।
সোমবার রাশিয়ার টেলিভিশন সংবাদমাধ্যম চ্যানেল ওয়ানে সংবাদ পাঠ অনুষ্ঠান
চলার সময় সংবাদ পাঠিকার পেছনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ান মারিনা, যিনি ওই
টিভি চ্যানেলের অন্যতম সম্পাদক।
মারিনার প্রদর্শিত সেই প্ল্যাকার্ডে লেখা ছিল— যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রোপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা আপনাকে মিথ্যে
বলছে।’ মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়।

