Logo
শিরোনাম

রুশ সেনাদের পলায়ন, চটেছেন পুতিনের মিত্র

প্রকাশিত:সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের শক্তিশালী আক্রমণের মুখে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রধান শহরগুলো থেকে পিছু হটছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শনিবার সেনারা কুপিয়ানস্কে প্রবেশ করেছে। রুশ বাহিনীর জন্য পূর্বাঞ্চলে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র। ইউক্রেনের সেনারা দাবি করেছে, তারা ইজিয়াম দখল করে নিয়েছে। দখলকৃত এলাকাগুলোতে ইউক্রেনের বাহিনী যে পতাকা উত্তোলন করেছে তার ভিডিও দেশটির বাহিনীর পক্ষ থেকে শেয়ার করা হয়েছে।

এদিকে ইউক্রেন বাহিনীর এমন সাফল্যে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি রুশ বাহিনীর কর্মক্ষমতা নিয়ে সমালোচনা করেছেন।

এই নিয়ে গত শনিবার ১১ মিনিটের একটি ভয়েস বার্তা টেলিগ্রামে পোস্ট করেছেন। সেখানে তিনি স্বীকার করেছেন, রুশ বাহিনীর সামরিক অভিযান পরিকল্পনা মতো চলছে না।

কাদিরভ বলেন, এই বিশেষ সামরিক অভিযান পরিচালনায় আজ বা কাল যদি পরিবর্তন আনা না হয়, তাহলে মাঠের পরিস্থিতি ব্যাখ্যা করতে আমি দেশের নেতৃত্বের কাছে যেতে বাধ্য হবো।

তিনি আরও বলেন, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন তাদের মতো কৌশলবিদ নই। তবে এটি স্পষ্ট, ভুল হয়েছে। আমি মনে করি তারা এই বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হবেন।

এছাড়া পুতিনের এই মিত্র বলেন, সেখানে আমাদের লোকজন আছে। এমন পরিস্থিতির জন্য যোদ্ধারা বিশেষভাবে প্রস্তুত। তাদের সঙ্গে যোগ দিতে ১০ হাজার যোদ্ধা প্রস্তুত।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ রোববার পর্যন্ত দুই দেশের মধ্যে সংঘাত ছয় মাস পেরিয়ে গেছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘর্ষ আরও জোরদার হয়েছে।


আরও খবর