
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়ে আগামী ৭ জুন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ এপ্রিল) র্যাব প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী। এ নিয়ে ৮৮ বার প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
আদালতের নথি বলছে, এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ৮৮ বার সময় বাড়িয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। পরে তদন্তভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে। সেই মোতাবেক মামলাটি তদন্তের দায়িত্ব এখনও র্যাবের কাছে ন্যাস্ত রয়েছে।

