
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে বন্ধ রয়েছে। রোববার (৭ আগস্ট) বিকেল ৩টা ৮ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।
তিনি বলেন, আপাতত চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের রানওয়ে বন্ধ আছে।
তবে কী কারণে রানওয়ে বন্ধ আছে সে বিষয়ে কিছু জানাননি ফরহাদ হোসেন।
জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেওয়ার সময় চাকা খুলে যায়। এর কারণে বিমানটি রানওয়েতে পড়ে গেছে। এতে বিমানে থাকা কেউ আহত হয়নি বলে জানা গেছে। বিমানটির চাকা মেরামতের কাজ চলছে।
গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকে। এতে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ থাকে। প্লেনটির কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।

