Logo
শিরোনাম

‘শাটডাউনের’ বিষয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
তবে আমরা সরকারের পক্ষ থেকে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সারা দেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার কোভিড কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সারা দেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশের বিষয়ে সরকার কী ভাবছে বা কী পদক্ষেপ নেবে? এমন প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, উনারা (জাতীয় কারিগরি পরামর্শক কমিটি) সুপারিশ দিয়েছেন। আসলে আমাদের চারপাশে তো করোনা বেড়েছে। আমরা ইতোমধ্যে বিভিন্ন জায়গাতে কঠোর বিধিনিষেধ দিয়েছি এবং প্রতিদিনই আমরা সেটা পর্যবেক্ষণ করছি যে এটা বেড়ে যাচ্ছে। ৬ হাজার প্লাস হয়ে গেছে আজকে। তো জাতীয় পরামর্শক কমিটি যেটা দিয়েছে এটা সরকারের কাছে এসেছে। সরকার অবশ্যই এটাকে মূল্যায়ন করবে। আমরা দেখছি এটাকে কীভাবে আরও কঠোরভাবে এই পরিসরটিকে আরও বাড়াতে পারি তাদের পরামর্শগুলো দেখে।

তিনি আরও বলেন, সে ধরনের একটা প্রিপারেশন (প্রস্তুতি) ইতোমধ্যে আমাদের আছে। আমরা হয়তো একটি সিদ্ধান্ত নেব।

জাতীয় পরামর্শক কমিটির এই সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, নাকি আরও পর্যবেক্ষণ করে আলোচনার পর মন্ত্রিপরিষদে পরামর্শ পাঠানো হবে- সে বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সঙ্গে সঙ্গেই ক্যাবিনেট সেক্রেটারির (মন্ত্রিপরিষদ সচিব) মাধ্যমে চলে যায় প্রধানমন্ত্রীর কাছে। সেখানে অনেকেই উপস্থিত থাকেন। কী পরামর্শ হয়েছে সেই বিষয়গুলো থাকে। তবে আমরা সরকারের পক্ষ থেকে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা লাগে সরকারের সব প্রস্তুতি আছে। আমরা ইতোমধ্যে মার্চে যখন এটা (করোনা) বেড়ে গেল তখনও আমরা কিছু ডিসিশন (সিদ্ধান্ত) নিয়েছি এবং সেটা আমরা কমিয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, এখন আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে যেভাবে এটা (করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট) বেড়ে গিয়েছিল, ওখানে স্থানীয়ভাবে আমরা কঠোর বিধিনিষেধ দিয়ে কিন্তু এখন চাঁপাইনবাবগঞ্জ কমে গেছে, রাজশাহী কমে গেছে। আমাদের চারপাশে কঠোর বিধিনিষেধ দিয়েছি। এখন ঢাকার যে বিষয়টি সেটা আছে, দেশের অন্যান্য জায়গায় যেখানে বেড়ে যাচ্ছে সেগুলো চিন্তাভাবনায় আছে। অর্থাৎ সার্বিক বিষয় বিবেচনা করে যেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আমরা সেটাই নেব।

জাতীয় কমিটির এই সুপারিশের বিষয়ে সরকার কবে সিদ্ধান্ত দেবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকারের কাছে অনেক তথ্য আছে। সরকার ইতোমধ্যেই চিন্তাভাবনা করছে। চিন্তাভাবনার ফলাফল হচ্ছে, আমরা যে ঢাকার চারপাশে ৭টি জেলায় যে বিধিনিষেধ দিয়েছি সেগুলো কিন্তু আমরা ইমপ্লিমেন্ট হিসেবে যাচ্ছি। ইতোমধ্যেই যেখানে যেখানে সংক্রমণ হচ্ছে স্থানীয় প্রশাসন কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারবে এবং সেখানে সেভাবে করছে। সেক্ষেত্রে আমাদের আরও কিছু চিন্তাভাবনা যেটা বাস, ট্রেন, নৌপরিবহণ- এগুলো আমরা ঢাকা থেকে চলাচল বন্ধ করেছি। আমরা এই ব্যবস্থা একটার পর একটা নিচ্ছি।

পরিস্থিতি বিবেচনা করে যে কোনো সময় সরকার আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে বলে জানান ফরহাদ হোসেন।


আরও খবর