
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতারে রাজধানীর উত্তরায় 'হোটেল ডি মেরিডিয়ান' ঘিরে রেখেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে ওই হোটেল ঘিরে রাখা হয় বলে নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল
মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে বাধে বিপত্তি।
সিরিয়ালে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ নাম থাকায় অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা
মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চড় মারেন মেয়র। পরে লাঞ্ছিত শিক্ষা
কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান এবং থানায় মামলা করেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন
গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে পৌর মেয়রকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া
হয়। এর আগেও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সর্বশেষ মেয়র পদ থেকেও তাকে সাময়িক
বরখাস্ত করা হয়। লাঞ্ছিতের ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যেই শাহনেওয়াজ আত্মগোপনে চলে যান।
তাকে কোথাও দেখা যায়নি।

