Logo
শিরোনাম

সিনহা হত্যা মামলার ষষ্ঠ দফায় শেষ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

প্রকাশিত:বুধবার ২৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেজর (অব.) সিনহা হত্যা মামলার চলমান বিচারকার্যের ষষ্ঠ দফার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহকে দিয়ে শেষ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তিনি আসামি রাজিব হোসেনের ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করেছিলেন।

তিনি ছাড়াও এসআই শাহজাহন আলী, ইন্সপেক্টর লিয়াকত আলীর জবানবন্দি রেকর্ডকারী অপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন শামীমসহ ছয় সাক্ষী সাক্ষ্য দেবেন। গত ২৫ অক্টোবর ৬ষ্ঠ দফার ৩ দিনের সাক্ষীর কার্যক্রম শুরু হয়। গত দু'দিনে ২২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।

এদিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরুর আগে ওসি প্রদীপ কুমারসহ ১৫ আসামিকে আদালতে আনা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় মোট ৮৩ সাক্ষীর মধ্যে পঞ্চম দফায় ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ষষ্ঠ দফার ৩ দিনের প্রথম ২ দিনে ২২ জনসহ সাক্ষ্য শেষ হয় ৫৭ জনের। সবার সাক্ষ্য নেওয়া সম্ভব হলে ৬৩ সাক্ষীর সাক্ষ্য নেওয়া সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুত সম্পন্ন করতে আমাদের প্রচেষ্টা থাকলেও আসামিপক্ষ সবসময় তাতে ব্যাঘাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে মামলার কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।


আরও খবর