
বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা আসবে দেশে। এর মধ্যে আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ টিকা আসবে
চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। ইতিমধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা আসবে দেশে। এর মধ্যে আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ টিকা আসবে। এছাড়াও এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। আর সেপ্টেম্বর মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে দেশে।
উল্লেখ্য, ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে গণটিকা দেওয়া শুরু করার ঘোষণা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু হঠাৎ করে সরকারের পক্ষ থেকে গতকাল (বুধবার) জানানো হয়, চলমান লকডাউনের কারণে কর্মসূচি বন্ধ করা হয়েছে। তবে সীমিত পরিসরে টিকাদান চলবে।

